রাজশাহী ব্যুরো: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ এবং এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি আলহাজ মো. আবুল কাসেম ও সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী এ প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহী বিভাগের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে এর প্রধান কার্যালয় রাজশাহীতে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি রাজশাহী মহানগরীর অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান এবং প্রশাসনিক গুরুত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তারা আরও বলেন, একটি সুপ্রতিষ্ঠিত সরকারি সংস্থার প্রধান কার্যালয় প্রতিষ্ঠাকালীন স্থান থেকে সরিয়ে নেওয়ার যেকোনো উদ্যোগ রাজশাহীবাসীর ন্যায্য অধিকার ও স্বার্থের পরিপন্থী। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রীর এ-সংক্রান্ত বক্তব্য আইনজীবী সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে স্থানান্তরের যেকোনো উদ্যোগ অবিলম্বে বাতিল এবং প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।
এ জাতীয় আরো খবর..