রাজশাহী ব্যুরো: রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করে মাছ রপ্তানির সুযোগ তৈরি করা হবে। যত দিন যাবে, রাজশাহী তত এগিয়ে যাবে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে ভূমিমন্ত্রী রাজশাহী কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভূমিমন্ত্রী বলেন, মৎস্য খাতের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বিশ্বে মৎস্য উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। আগামী দিনে কয়েকটি সেক্টরে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হবে।
পানির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী দিনের বড় সম্পদ হবে মিষ্টি পানি। পৃথিবীর বিভিন্ন দেশে নদীর পানি নিয়ে বিরোধ ও সংঘাত হচ্ছে। বাংলাদেশের বিপুল মিষ্টি পানির সম্পদকে কাজে লাগাতে হবে।
রাজশাহীর মৎস্য খাতের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করা হবে। চাষিরা মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। তিনি রাজশাহীর চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষে আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন ও রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এদিকে একই দিন রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইন্সট্রাক্টর মো. কায়ছার হাবীব। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ, নিরাপদ মাছ উৎপাদন, উদ্যোক্তা সৃষ্টি ও রপ্তানির মাধ্যমে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখার সুযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন, জলাশয় দূষণ, প্রাকৃতিক জলাশয়ের সংকোচন, অতিরিক্ত ও অবৈধ মাছ আহরণ, রোগবালাই এবং জলবায়ু পরিবর্তন মৎস্য খাতের বড় চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, অভয়াশ্রম সৃষ্টি, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। জাতীয় জিডিপিতে মৎস্য খাতের অবদান ২ দশমিক ৫৩ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ২২ দশমিক ২৬ শতাংশ। দেশের প্রায় ১২ শতাংশ জনগোষ্ঠী মৎস্য খাতের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত।
আলোচনায় মৎস্য অধিদপ্তরের তথ্যের পাশাপাশি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) The State of World Fisheries and Aquaculture 2024 প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলা হয়, মিঠাপানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় এবং বদ্ধ জলাশয়ে মাছ চাষে পঞ্চম অবস্থানে রয়েছে। ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ এবং এশিয়ায় তৃতীয় অবস্থানে রয়েছে।
আলোচনা শেষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে মৎস্য খাতে অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। পোনা মাছ উৎপাদনে অবদানের জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে শিবপুর গ্রামের আওরঙ্গজেব সবুজ ও খাড়তা গ্রামের মো. রায়হান হোসেনকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..