রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার গোছা গ্রামে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আরও একজন পালিয়ে যান।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের গোছা গ্রামের চরফাটা ব্রিজসংলগ্ন কেশরহাট-গোছা সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বেলনা (মধ্যপাড়া) গ্রামের মোয়েন উদ্দিন (৩৬) এবং নিখিল বাবু (৩৪)। নিখিল বর্তমানে মোহনপুর উপজেলার ঝালপুকুর এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করেন। পলাতক আসামি নজরুল ইসলাম ওরফে নজু (৩৭) উপজেলার বাকশৈল গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার এসআই মো. আব্দুর রহিমের নেতৃত্বে এসআই মো. আনোয়ার হোসেন, এএসআই আশরাফুল হোসাইনসহ পুলিশের একটি দল গোছা গ্রামের চরফাটা ব্রিজ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যান।
মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও অটোভ্যানের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর..