রাজশাহী প্রতিনিধি: দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করতে রাজশাহীর মোহনপুর উপজেলায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণের চাবি ও কাগজপত্র তুলে দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
এ সময় তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে শুধু আর্থিক সহায়তা নয়, টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি। আয়বর্ধক এসব উপকরণ প্রান্তিক মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে। সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগে প্রান্তিক মানুষের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। বিতরণ করা উপকরণ যথাযথভাবে ব্যবহার করলে উপকারভোগীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
উপকারভোগীদের একজন মৌগাছি ইউপির বেড়াবাড়ি এলাকার রুবেল খান বলেন, এই সহায়তা তাঁর পরিবারের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অটোরিকশা থেকে নিয়মিত আয় করে তিনি পরিবারের ব্যয় নির্বাহ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার দুর্গাপুর উপজেলার প্রোগ্রাম অফিসার মো. রাকিবুল হাসান জানান, কাতার চ্যারিটির অর্থায়নে ‘অটোমোটিভ লাইভলিহুড প্রজেক্ট’ বাস্তবায়ন করছে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা। প্রকল্পটির আওতায় রাজশাহী জেলার নয়টি উপজেলায় চারটি অটোরিকশা ও ট্রাইসাইকেল এবং তিনটি মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে পবা উপজেলার নির্বাচিত উপকারভোগীদের মাঝেও এসব উপকরণ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..