
কক্সবাজার প্রতিনিধি: শুল্ক ফাঁকি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে দেশে আনা তিনটি কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার ভোরে কক্সবাজারের অভিজাত হোটেল 'ওশান প্যারাডাইস'-এর পার্কিং এলাকা থেকে গাড়িগুলো জব্দ করা হয়।
শুক্রবার বিকেলে হোটেল ওশান প্যারাডাইসে আয়োজিত সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে চট্টগ্রামের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই সূত্রের ওপর ভিত্তি করে কক্সবাজারে অভিযান পরিচালনা করে জাপান থেকে আনা তিনটি বিলাসবহুল গাড়ি— একটি লাল রঙের টয়োটা (২০২১ মডেল), একটি লাল রঙের হোন্ডা এবং একটি টুইন গ্রে রঙের মাজদা (২০২০ মডেল) আটক করা হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট গাড়ির ব্যবহারকারীরা আমদানির বৈধ কাগজপত্র বা ক্রয়ের কোনো সঠিক তথ্য দেখাতে পারেননি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা অথবা অবৈধ চোরাচালানের মাধ্যমে এসব গাড়ি দেশে প্রবেশ করেছে। গাড়িগুলো বর্তমানে কক্সবাজার কাস্টমস কার্যালয়ে রক্ষিত আছে এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ:
এদিকে অভিযান ও গাড়ি জব্দের খবর সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় উপস্থিত সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গাড়িগুলোর মালিকদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের লাঞ্ছিত ও মারধর করা হয় বলে জানা গেছে।