প্রিন্ট এর তারিখঃ Jul 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 13, 2026 ইং
তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই মো. মাসউদ আলীর নেতৃত্বে একটি পুলিশ দল উপজেলার কামারগাঁ দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে কামারগাঁ দক্ষিণপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মো. তোজাম্মেল হক তুজাল (৫৪)-কে তার নিজ বাড়ি থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির ২৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তানোর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ তথ্য প্রকাশ