
মোঃ শাহীন সাগর: কক্সবাজার জেলা প্রেসক্লাব ও দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার উদ্যোগে সারাদেশের সংবাদকর্মীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা, সুধী সমাবেশ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) কক্সবাজার পাবলিক হেলথ কনফারেন্স রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক ও গণবুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের প্রেসিডেন্ট ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক ড. এনায়েত করিম।
দৈনিক রুপালি সৈকত পত্রিকার সম্পাদক ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ফরিদুল আলম শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সলিমুল্লাহ খান বলেন, আধুনিক সাংবাদিকতায় শুধু সংবাদ সংগ্রহ নয়; তথ্য যাচাই, নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মাতৃভাষার চর্চা ছাড়া বিদেশি ভাষা শেখা প্রকৃত শক্তি নয়, বরং নির্ভরশীলতা বাড়ায়। এ সময় তিনি ভাষার উৎপত্তি, অর্থের পরিবর্তন, ব্যবহার ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালায় তথ্য যাচাই ও গুজব প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা, জবাবদিহিতা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক, পেশাদার সাংবাদিকতা এবং অপসাংবাদিকতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, জাতীয় দৈনিক এদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক এবং ডেইলি বাংলাদেশ পত্রিকার সম্পাদক শাহিদুর রহমান শাহিদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক শেষ কথা পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদ সাধারণ সম্পাদক ইউনুস সোহাগ, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার এসোসিয়েট এডিটর ফরহাদ চৌধুরী, ডেইলি ইন্ডাস্ট্রি ডিজিটাল নিউজ এডিটর সুমেল সরকার, হেড অব মার্কেটিং আবু হাসান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলম, কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং এবং হোটেল মোটেল জোন এর সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা প্রেসক্লাব পর্যটন বিষয়ক সম্পাদক, দৈনিক কালের সমাজ এর সম্পাদক মুকিম খান, স্টাফ করসপন্ডেন্ট মোঃ শাহীন সাগর, গ্রীণ ভয়েস ইন্টারন্যাশনাল চীফ কো-অর্ডিনেটর অভি আহমেদ জুয়েলসহ অন্যান্যরা।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ শীর্ষ তিন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক এবং দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডেইলি ইন্ডাস্ট্রি ও গ্রীণ ভয়েস ইন্টারন্যাশনাল এর আয়োজনে উত্তরণ কলেজ ক্যাম্পাসে বিভিন্ন রকমের ফলদ বৃক্ষরোপন করেন গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম প্রেসিডেন্ট ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক ড. এনায়েত করিম।