
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মতিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম, মহিষকুন্ডি দাখিল মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম এবং ব্লাস্টের ডিপিও কৌশিক তানভীর।
সভায় জানানো হয়, ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মূল লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র ও কমিউনিটিতে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। রাজশাহী, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও নারায়ণগঞ্জ জেলায় এ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, তৈরি পোশাক শিল্পখাত, গণপরিবহন ও বিভিন্ন কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঝুঁকি বিশ্লেষণ, ঝুঁকি ম্যাপ প্রণয়ন, অভিভাবক সভা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাকশন প্ল্যান প্রণয়ন এবং যুব ফোরাম গঠনের মতো বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রকল্প কর্মকর্তা আফরোজা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক এর সহকারি বিডিসি ফারজানা পারভিন।
এ সময় মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মো. শাহীন সাগর, কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, “নারী, শিশু ও তরুণদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের আরও সচেতন করতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে অবহিত করারও আহ্বান জানান তিনি।