প্রিন্ট এর তারিখঃ Jul 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2026 ইং
প্যারোলে বাবার জানাজায় কয়েদি ছেলে ফের কারাগারে

প্যারোলে বাবার জানাজায় কয়েদি ছেলে, ফের কারাগারে
রাজশাহী প্রতিনিধি: বাবার মৃত্যুতে শেষ বিদায় জানাতে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা সাজাপ্রাপ্ত কয়েদি শের আলী (২৫)।
কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নিজ গ্রামে এসে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
১৮ জুন বৃহস্পতিবার বেলা ২ টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেয়া হয় শের আলীকে। শের আলী মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির মাটিকাটা গ্রামের বাসিন্দা ও মোহনপুর প্রেসক্লাবের সভাপতি, রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক রুবেল সরকার এর ভাতিজা।
তিনি একটি মামলার একজন সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। যার কয়েদি নাম্বার ৩৪৯৭/এ।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৮ জুন রাতে শের আলীর বাবা আব্দুল মজিদ সরকার (৬৫) অসুস্থতা জনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশগ্রহণের জন্য আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাকে সাময়িকভাবে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।
বৃহস্পতিবার বিকালে রাজশাহী জেলা পুলিশ ও মোহনপুর থানা পুলিশের সমন্বয়ে একটি দল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শের আলীকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরে বাবার জানাজার নামাজে অংশ নেন এবং স্বজনদের সঙ্গে শেষবারের মতো বাবাকে বিদায় জানান।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় পুলিশি প্রহরায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের এসআই ইয়ামিন আলী বলেন, ‘বাবার মৃত্যুর কারণে সাজাপ্রাপ্ত কয়েদি শের আলীকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল।’
রাজশাহী জেলা পুলিশ সুপার স্যার এর তত্ববধানে জেলা পুলিশ ও মোহনপুর থানা পুলিশের যৌথ সহযোগিতায় তিনি জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে নিরাপদে পুনরায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মোহনপুর প্রেসক্লাবের সভাপতি, রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক রুবেল সরকার এর ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা জানিয়েছে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
শোকবার্তায় জানানো হয়েছে রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ রুবেল সরকারের শ্রদ্ধেয় বড় ভাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য গভীর শোক প্রকাশ করছেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সেই দোয়া করি। একই সঙ্গে আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ তথ্য প্রকাশ