প্রিন্ট এর তারিখঃ May 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 29, 2026 ইং
১০ লাখ টাকা ফেরত দিয়ে মানবিকতার নজির গড়লেন বাসচালক ‘বিশু’

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের বাসচালক আব্দুর রহমান (বিশু) এক অসাধারণ মানবিকতার উদাহরণ স্থাপন করেছেন। তিনি তার চালিত বাসে পাওয়া একটি ব্যাগে থাকা ১০ লাখ ১৯ হাজার টাকা খুঁজে বের করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছেন।
জানা গেছে, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে ঢাকা–রাজশাহী রুটের যমুনা লাইন বাসের চালক হিসেবে কর্মরত। গত ২৭ মে চাঁদরাতের সময় ঢাকার প্রবল যানজটে আটকে থাকা অবস্থায় বাস থেকে নেমে যান নাটোরের গুরুদাসপুর এলাকার আজিজুল ইসলাম, যিনি একজন গরু ব্যবসায়ী। এ সময় ভুলবশত তিনি তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি বাসেই রেখে যান।
পরবর্তীতে বাসটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলে টাকার ব্যাগ হারিয়ে ফেলেছেন বুঝতে পেরে হতবিহ্বল হয়ে পড়েন আজিজুল ইসলাম। তিনি বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকলেও কোনো সন্ধান পাননি।
এদিকে বাসচালক আব্দুর রহমান ব্যাগটি পাওয়ার পর মালিক শনাক্তের চেষ্টা করেন। তবে সঠিকভাবে মালিক খুঁজে না পাওয়ায় শুরুতে টাকা ফেরত দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।
পরে নাটোর থেকে এসে সহায়তা চান আজিজুল ইসলাম। স্থানীয়ভাবে যোগাযোগের পর পুঠিয়া–দুর্গাপুর এলাকার সংশ্লিষ্টদের সহযোগিতায় যাচাই–বাছাই শেষে নিশ্চিত করা হয় প্রকৃত মালিক। এরপর পুরো ১০ লাখ ১৯ হাজার টাকা তাকে ফেরত দেওয়া হয়।
টাকা ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আজিজুল ইসলাম। তিনি জানান, এই অর্থ তার ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। টাকা হারালে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তেন।
বাসচালক আব্দুর রহমান (বিশু) বলেন, “ব্যাগটি পাওয়ার পর আমি অনেক খোঁজ করেছি, কিন্তু মালিক নিশ্চিত করতে পারিনি। পরে মনে হয়েছে—এটি অবশ্যই সঠিক মালিককে ফিরিয়ে দেওয়া উচিত। টাকা ফেরত দিতে পেরে ভালো লাগছে।”
এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সহায়তাকারীরা জানান, সঠিক মালিক নিশ্চিত করার পরই পুরো অর্থ ফেরত দেওয়া হয়।
এই ঘটনাকে স্থানীয়রা সততা ও মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ তথ্য প্রকাশ